রেইনবো নেশন গড়ে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কক্সবাজার প্রতিনিধি:
ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিসত্তার বৈচিত্র্যকে ধারণ করে বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতির মূল দর্শন হলো দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে মেলবন্ধন ও সহমর্মিতা তৈরি করা। আন্তঃসম্পর্ক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে হবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামসহ পুরো কক্সবাজার অঞ্চলকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাখাইন সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, রাখাইন সম্প্রদায় নিজেদের পথরেখা তৈরি করে দেশের সার্বিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা করেন। পাশাপাশি তাদের কর্ম ও অর্জন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাখাইন সম্প্রদায়ের চিকিৎসক, প্রকৌশলী, সিভিল ও পুলিশ ক্যাডারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জীবিত ও মরণোত্তর ৩৮ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করেন মন্ত্রী সাচিং প্রু।











