মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির সার্বিক পরিস্থিতি ও শিক্ষার পরিবেশ সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ তাজুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলে তাদের মেধা, উপস্থিত বুদ্ধি ও জ্ঞানার্জনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে বিদ্যালয়ের বিভিন্ন অঙ্গন, ভৌত অবকাঠামো ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন বিদ্যালয় পরিদর্শক। সম্প্রতি স্থাপিত আধুনিক বিজ্ঞানাগারও পরিদর্শন করেন তিনি। এ সময় বিজ্ঞানাগারের সুবিন্যস্ত আয়োজন ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন মোঃ তাজুল ইসলাম। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জনের এই গুরুত্বপূর্ণ সময়ে পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা বিশেষ ভূমিকা রেখেছে। বিদ্যালয়ের পরিচালক আমজাদ হোসেন, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা এগিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।










