মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি:
মাদক, সীমান্ত অপরাধ ও শরণার্থী সংকট মোকাবিলায় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি। একই সঙ্গে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম ভৌগোলিক ও সামাজিকভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। কক্সবাজার ও বান্দরবানসহ দেশের পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে দেশ-বিদেশে পর্যটনকে আরও এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হবে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত দিয়ে সড়ক ও নৌপথে মাদক প্রবেশের কারণে এটি সারা দেশে ছড়িয়ে পড়ছে। মাদক প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
রোহিঙ্গা সংকট ও সীমান্ত অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে সরকারের কাছে উপস্থাপনের কথাও জানান তিনি।
সভায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ স্থানীয় ও বান্দরবানের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











