বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৯৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি ব্র্যান্ডের ৯৯ কার্টন WIN সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহলদল মধ্যম বাঘাইছড়ি এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় বহন করা প্লাস্টিকের বস্তা ও কার্টন ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ওই মালামাল তল্লাশি করে বিদেশি ব্র্যান্ডের WIN সিগারেটের ৯৯টি কার্টন উদ্ধার করে। উদ্ধার করা কার্টন খুলে মোট ৯৯০ প্যাকেট সিগারেট পাওয়া যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা সিগারেটের সিজার মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











