ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ৯:১৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান

পানছড়ি প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পানছড়ি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আব্দুর রব রাজা।

বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া। সভা সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব রাজা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।”

সভায় উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতিসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত