ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

মোংলায় আওয়ামী লীগের নৈরাজ্য-ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। সারাদেশে নৈরাজ্য সৃষ্টি, গুপ্ত তৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মোংলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মোংলা পৌর মার্কেট চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে শক্ত হাতে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ানো আওয়ামী লীগের ‘দোসরদের’ দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার বলেন, জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের ‘গুপ্ত বাহিনী’ যেন কোনোভাবেই নতুন করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও বিএনপি নেতা নাসির তালুকদার বলেন, দেশের কোথাও কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা রাজপথে প্রতিহত করা হবে। প্রয়োজনে প্রতি সপ্তাহে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম নুর জনি, মো. আলাউদ্দিন, কাজী ফারুক, আ. কাদের, আঃ সালাম ব্যাপারী, মোঃ ইলিয়াস হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ফকির ও শেখ শহীদুল ইসলামসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সমাপ্ত হয়।

সম্পর্কিত