উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম
ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, রায়হানের ৬ সহযোগী গ্রেপ্তার
মু. আজিজ, ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান ও তার সহযোগীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ইতালির তৈরি একটি পিস্তল, যা রায়হান ব্যবহার করতেন বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে অস্ত্রের বাট, ট্রিগার, নল, স্প্রিং, ড্রিল ও গ্রাইন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ রয়েছে।
একই দিন সন্ধ্যায় চুরখাঁরহাট এলাকায় রায়হান ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছয়জন আহত হন। পরে আহতদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা।
এরপর রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান এলাকায় অভিযান ও তল্লাশি জোরদার করে পুলিশ।
২৫ নভেম্বর কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকা থেকে মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাটের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। তার শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পরবর্তী অভিযানে সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার পাহাড়ি অঞ্চল থেকে মো. মহররম আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আত্মগোপনে থাকার সময় রায়হান অস্ত্রটি মহররম আলীর কাছে রেখেছিলেন।
এ ছাড়া কাজীরহাট এলাকা থেকে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী হিসেবে পরিচিত জনার্ধন দে (৬৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও সেটি অন্যত্র সরিয়ে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন মো. জাবেদ হোসেন, যিনি সংঘর্ষের পর আহতদের বহনকারী অটোরিকশার চালক ছিলেন।
পুলিশের উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি পিস্তলের ম্যাগাজিন, ৩৪ রাউন্ড গুলি ও কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।











