টেকনাফে সাগরে ফিশিং বোটে বজ্রপাত, জেলে নিহত, আহত ৫
এম এ হাসান, টেকনাফ।।
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোটে বজ্রপাতের ঘটনায় মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ জেলে আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হোসেন সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন।
আহত জেলেরা হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁরা ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। মঙ্গলবার রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাঁদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের বাম হাতে বজ্রপাতের আঘাত লাগে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। অপর পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যান।
সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, তাঁদের এলাকার একজন জেলে টেকনাফ সাগরে বজ্রপাতে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। নিহতের আত্মীয়স্বজন টেকনাফে আসছেন। মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে সাগরে মাছ ধরতে গিয়ে এমন দুর্ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।











