ঢাকা | নভেম্বর ১৬, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

মিথ্যা ও বানোয়াট দাবি উপ-সহকারী প্রকৌশলীর

কর্মকর্তার নাম ভাঙিয়ে গ্রাহকের কাছ থেকে ৩৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।।

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এরশাদ আলীর নাম ব্যবহার করে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এক গ্রাহকের কাছ থেকে ৩৫ হাজার টাকা এবং অপর গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী এরশাদ আলী।

 

অভিযোগের বিষয়ে এরশাদ আলী বলেন, বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে টাকা দাবি ও আদায়ের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগকারীদের অনেকেই তাঁকে সরাসরি চেনেন না। যেসব সময়ে টাকা লেনদেনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, তখন তিনি দীঘিনালা ও লংগদু বিদ্যুৎ স্টেশনের দায়িত্বে ছিলেন না বলেও দাবি করেন তিনি।

 

এরশাদ আলী আরও বলেন, কেউ তাঁর ব্যক্তিগতভাবে টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে তিনি আইনগত বিচার ও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

 

তিনি দাবি করেন, দীঘিনালা ও লংগদু উপজেলার দায়িত্ব পাওয়ার পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবা নিশ্চিত করা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ করে যাচ্ছেন। এসব কার্যক্রমের কারণে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

 

অন্যদিকে, অভিযোগকারী মিলন জানান, উপ-সহকারী প্রকৌশলী এরশাদ আলীকে তিনি কখনো সরাসরি দেখেননি। তবে ওই কর্মকর্তার নাম ব্যবহার করে জুয়েল নামের এক ব্যক্তি তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। মিলনের দাবি, তাঁর মিটার অবৈধ উল্লেখ করে সেটি খুলে লংগদু বিদ্যুৎ অফিসে নিয়ে যাওয়া হয়। পরে টাকা দিয়ে তাঁকে মিটার ফেরত আনতে হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, উপ-সহকারী প্রকৌশলী এরশাদ আলীর হাতে সরাসরি কোনো টাকা দেননি।

 

অপর গ্রাহক আজিম উদ্দিন অভিযোগ করেন, কর্মকর্তার কথা বলে আবুল নামের এক ব্যক্তি মিটার পরিবর্তনের জন্য তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন।

 

এ ছাড়া করল্যাছড়ি বাজার এলাকার কয়েকজন বিদ্যুৎ গ্রাহক স্থানীয় কিছু অসাধু বিদ্যুৎ টেকনিশিয়ানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

গ্রাহকদের অভিযোগ এবং সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বা প্রতিষ্ঠানের নাম-পরিচয় ব্যবহার করে কেউ অর্থ আদায় করে থাকলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে গ্রাহক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

সম্পর্কিত