ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রুমায় ১৪ শিক্ষার্থীর মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

 

 

নিজস্ব প্রতিবেদক।

 

বান্দরবানের রুমা উপজেলায় জাবালুল কুরআন মাদ্রাসার পঞ্চম শ্রেণির ১৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখা।

 

শনিবার (১৪ নভেম্বর) ২০২৬ সালের পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হুজাইফা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জাবালুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী। এ সময় পিসিসিপি বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা হুজাইফা মাহমুদ বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্ব রয়েছে। শিক্ষাজীবনের শুরু থেকেই নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের চর্চা করতে হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে পরীক্ষার আগে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে। তিনি এ উদ্যোগের জন্য পিসিসিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পিসিসিপি বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন বলেন, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা যেন সহযোগিতা ও উৎসাহের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই সংগঠনটি বিভিন্ন শিক্ষামূলক ও মানবিক কর্মসূচি পরিচালনা করছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখা দীর্ঘদিন ধরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সম্পর্কিত