ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

খেলা

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, শাহজাদের গোলে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক।। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন আরও একবার অধরাই রয়ে গেল বাংলাদেশের। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে স্বাগতিকরা। ম্যাচের শেষ মুহূর্তে আবদুল সামাদ শাহজাদের একমাত্র গোলে ইতিহাসে প্রথমবারের মতো সাফের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারী পাকিস্তান। দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে চাপে ফেললেও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দৃঢ়তায় রক্ষা পায় স্বাগতিকরা। প্রথমার্ধে বাংলাদেশও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল, যার মধ্যে রাকিব হোসেনের একটি জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময় শেষ হতে যখন মাত্র পাঁচ মিনিট বাকি, তখনই ম্যাচের মোড় ঘুরে যায়। ৮৫তম মিনিটে পাকিস্তানের প্রবাসী ফুটবলার আবদুল সামাদ শাহজাদের নেওয়া শট বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করে জালে জড়ায়।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় হামজা চৌধুরী ও শমিত সোমদের দল। তবে পাকিস্তানের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

২০০৩ সালে সবশেষ সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ এবং সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০৫ সালে। দীর্ঘ ২১ বছর পর ফাইনালে ওঠা এবং ২৩ বছর পর শিরোপা পুনরুদ্ধারের দারুণ সুযোগ হাতছাড়া হলো স্বাগতিকদের। আগামী ১৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

সম্পর্কিত