ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

পাহাড়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে পিসিসিপির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।

 

পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এবং পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান পার্বত্য জেলা শাখার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

২০২০ সালের ১৪ নভেম্বর যাত্রা শুরু করা সংগঠনটির ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পিসিসিপি বান্দরবান পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খুমি, খেয়াং, চাকসহ পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সংগঠনটি সোচ্চার ভূমিকা পালন করছে। জাতিগত পরিচয় কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে কোনো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য করা যাবে না। প্রত্যেক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

 

বক্তারা আরও বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী এখনো মানসম্মত শিক্ষা, পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষা উপকরণ ও উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এসব প্রতিবন্ধকতা দূর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ, শিক্ষাবৃত্তি বৃদ্ধি, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ সম্প্রসারণ জরুরি। পাশাপাশি শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সুযোগ-সুবিধা এবং কোটা ব্যবস্থার প্রয়োগে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।

 

প্রধান অতিথির বক্তব্যে আসিফ ইকবাল বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের সংগঠন নয়; এটি পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, সম্প্রীতি ও ন্যায্যতার পক্ষে কাজ করা একটি ছাত্র সংগঠন। আমাদের স্লোগান ‘দল যার যার, ছাত্র পরিষদ সবার’। পাহাড়ে বসবাসরত প্রতিটি সম্প্রদায়ের শিক্ষার্থীর অধিকার রক্ষায় পিসিসিপি সমানভাবে দায়িত্বশীল। কোনো শিক্ষার্থী যেন জাতিগত পরিচয়, আর্থসামাজিক অবস্থা কিংবা ভৌগোলিক অবস্থানের কারণে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের প্রত্যাশা।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, সামাজিক সুযোগ-সুবিধা, উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও প্রতিবন্ধকতা রয়েছে। এসব সমস্যার সমাধানে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়কে দাঁড় করানো নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সহাবস্থান ও ন্যায্যতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাহাড়ের কোনো জনগোষ্ঠীর ন্যায্য অধিকার উপেক্ষা করা যাবে না, একইভাবে অন্য কোনো জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকারও খর্ব করা যাবে না। অধিকার আদায়ের প্রশ্নে পিসিসিপি সবসময় ন্যায়সংগত, গণতান্ত্রিক ও সাংবিধানিক অবস্থানে অবিচল থাকবে।

 

আসিফ ইকবাল বলেন, পাহাড়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বৈষম্য, শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র পরিষদ অতীতেও সোচ্চার ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, উচ্চশিক্ষার সুযোগের সীমাবদ্ধতা, কোটা ব্যবস্থার প্রয়োগে অসংগতি এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সুযোগবঞ্চিত হওয়ার বিষয়গুলোতে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

অন্যান্য বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো সকল সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা, সমান মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা। কোনো জনগোষ্ঠীর ন্যায্য দাবি উপেক্ষা করে কিংবা অন্য জনগোষ্ঠীর অধিকার সংকুচিত করে টেকসই সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব নয়। পাহাড়ের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের পরিবেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানসহ সামগ্রিক উন্নয়নে শিক্ষার্থীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

 

বক্তারা আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে পিসিসিপি শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষা উপকরণ বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনেও এসব কার্যক্রম আরও বিস্তৃত করে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠানে সংগঠনের ছয় বছরের পথচলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা, পরামর্শ ও সমর্থন প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার এবং পাহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে কাজ করার আহ্বান জানানো হয়।

 

আলোচনা সভা শেষে বক্তারা অঙ্গীকার ব্যক্ত করেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ আগামী দিনেও পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসন এবং শোষণ-বঞ্চনামুক্ত, সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।

সম্পর্কিত