ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 

 

বান্দরবান প্রতিনিধি:

 

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বান্দরবান ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসানের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়।

 

পরে হাসপাতালের সম্মেলন কক্ষে সমিতির সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গনীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।

 

সভায় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হাফিজা সুলতানা বর্ণা ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রম ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রধান অতিথি বলেন, সচেতনতা, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও যথাযথ চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

 

সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন বলেন, ডায়াবেটিস থেকে সুরক্ষিত থাকতে খাদ্যাভ্যাসে পরিবর্তন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক পরিশ্রম জরুরি। রোগীদের চিকিৎসাসেবা ও সচেতনতা বৃদ্ধিতে সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ সময় বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সমিতির সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত