ঢাকা | নভেম্বর ১৬, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজধানী

রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর হাতিরঝিল থানার ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ‘স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানটিতে এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাঁরা দুজনেই ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মী হিসেবে কর্মরত।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পলাশ জানান, সন্ধ্যা সাতটার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছিল এবং তা না পেয়েই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবস্থাপক পলাশ।

ঘটনার পরপরই সহকর্মীরা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড করে গুলি লেগেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই গুলি চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

সম্পর্কিত