স্বাস্থ্যপ্রতিমন্ত্রী
পাঁচ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক।। আগামী পাঁচ বছরের মধ্যে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হসপিটাল প্রতিষ্ঠার পাশাপাশি নিয়মিত স্ক্রিনিং ও দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।
আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ’ শীর্ষক জাতীয় পর্যায়ের এক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এই সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী জানান, দেশে ব্রেস্ট, কলোরেক্টাল ও ওরাল ক্যানসারে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। এসব রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
ক্যানসার মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, এর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। আন্তমন্ত্রণালয় সমন্বয় ও কার্যকর নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সরকার ‘ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং ‘ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল কাউন্সিল’ গঠন করবে। আজকের এই পরামর্শ সভা ক্যানসার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে মাইলফলক হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সভায় আরো ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি প্রমুখ।











