ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৭:২৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রুমায় প্রসবযন্ত্রণায় সড়কেই কন্যাসন্তান প্রসব, মা ও শিশুকে হাসপাতালে নিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক।।

 

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সুংসাং পাড়ায় প্রসবজনিত জটিলতায় অসুস্থ এক গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার পথে সড়কেই কন্যাসন্তানের জন্ম হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় মা ও নবজাতককে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

 

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভানইন ময় বম নামের ওই গর্ভবতী নারী প্রসবজনিত সমস্যা নিয়ে সুংসাং পাড়া আর্মি ক্যাম্পে আসেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আতনাইন ইনকিয়াদ (১৬ ইবি) দ্রুত ১০ জন সেনাসদস্যকে সঙ্গে নিয়ে তাঁকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন।

 

পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মুনলাই পাড়ার আগে ১১ কিলোমিটার নামক সড়কে পৌঁছালে ওই নারীর প্রসবজনিত জটিলতা বেড়ে যায়। এ সময় সড়কেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় মা ও নবজাতককে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. পাপিয়া তাঁদের চিকিৎসা দেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মা ও নবজাতকের শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানান তিনি। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

 

চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে মা ও নবজাতক দুজনই আশঙ্কামুক্ত রয়েছেন।

সম্পর্কিত