ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১:৫৩ অপরাহ্ন

শিরোনাম

জাতীয়

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি।। শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, তাদের কঠোর হস্তে দমন করা করা হবে। তিনি স্পষ্ট করে জানান, এই কয়েকদিন দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলেছে, সেখানে প্রকৃত কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না।

আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক উসকানি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে। তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে। কোনো পলাতক দন্ডপ্রাপ্ত আসামি যদি চায় তাহলে অতিশীঘ্রই যেন দেশে প্রত্যাবর্তন করে, তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।

তিনি আরও যোগ করেন, পলাতক আওয়ামী সরকারের অনেকে নেতাকর্মীদের বুস্টআপ করতে এই ডিসেম্বর-ডিসেম্বর জপ করছেন। তারা চাইলে আজকেই দেশে এন্ট্রি নিতে পারেন। তাদের ফেরত আনতে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে।

সম্পর্কিত