কাপ্তাইয়ে অসহায় নারীর পাশে আনসার-ভিডিপি কর্মকর্তা, দিলেন ঘর মেরামতের সামগ্রী
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে স্বামী থেকে বিচ্ছিন্ন দুই সন্তানের জননী কাজল বেগমের ঘর মেরামতের জন্য ব্যক্তিগত অর্থায়নে ঢেউটিন ও টুলির ব্যবস্থা করে দিয়েছেন আনসার-ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন। দীর্ঘ ১০ বছর ধরে দুই ছেলেকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছেন কাজল বেগম। বৃষ্টি হলেই ঘরে থাকতে না পেরে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয় তাঁকে।
সোমবার (২ নভেম্বর) কাপ্তাইয়ের বরইছড়ি সরকারি কলেজ এলাকায় কাজল বেগমের হাতে এক বান্ডিল ঢেউটিন ও পাঁচটি টুলি তুলে দেন রোকেয়া পারভীন।
জানা গেছে, কাজল বেগমের স্বামী আব্দুল মমিনের সঙ্গে ১০ বছর ধরে বিচ্ছিন্নতা চলছে। তাঁর দুই ছেলের বয়স ১৬ ও ১০ বছর। দুই সন্তানকে নিয়ে বরইছড়ি সরকারি কলেজ এলাকায় একটি জরাজীর্ণ ঘরে বসবাস করেন তিনি। ঘরের অবস্থা এতটাই নাজুক যে বৃষ্টি হলেই সেখানে থাকা কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় অন্যের বাড়িতে। বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চেয়েও তেমন সাড়া পাননি তিনি।
সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে কলেজ এলাকার কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলে সেখানকার বাসিন্দারা বরইছড়ি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। ওই আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে কাজল বেগমের সঙ্গে কথা হয় আনসার-ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনের। এ সময় নিজের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন কাজল বেগম। তাঁর কষ্টের কথা শুনে ঘর মেরামতে সহযোগিতার আশ্বাস দেন রোকেয়া পারভীন।
সেই আশ্বাসের ধারাবাহিকতায় সোমবার ব্যক্তিগত অর্থায়নে কাজল বেগমের হাতে ঘর মেরামতের জন্য এক বান্ডিল ঢেউটিন ও পাঁচটি টুলি তুলে দেন তিনি। এ সহায়তায় অসহায় পরিবারটির বসবাসের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
রোকেয়া পারভীন বলেন, আনসার-ভিডিপি বাহিনীর মহাপরিচালক, চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কমান্ডার এবং রাঙামাটি জেলা কমান্ড্যান্টের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তাঁকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। মানুষের দুঃসময়ে সহযোগিতা করতে পারা তাঁর কাছে আনন্দের বিষয়।
রোকেয়া পারভীনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, অসহায় মানুষের দুর্দিনে এ ধরনের সহযোগিতা মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য, ফাতেমা বেগম, পিসি আমজাদ, এপিসি মোসলিমসহ ভাতাভুক্ত কমান্ডাররা।











