রাজস্থলীতে জাতীয় যুব দিবস উদ্যাপন, ঋণের চেক বিতরণ ও মাছের পোনা অবমুক্ত
রাজস্থলী প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ —এমন প্রত্যাশাকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, রাজস্থলীর আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রিয়রতন চাকমা সভাপতিত্বে সঞ্চালনা করেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আশীষ ভৌমিক,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক ডা. নওশাদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞ্যো মারমা, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, এমপি প্রতিনিধ জিকু কুমার দে ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক মিলন উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মেম্বার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহমেদ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ হচ্ছে দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। একটি দেশের উন্নয়ন, অগ্রগতি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অনেকাংশে নির্ভর করে তরুণ প্রজন্মের কর্মদক্ষতা, মেধা ও সৃজনশীলতার ওপর। তাই যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে তাদের মধ্যে আত্মবিশ্বাস, পরিশ্রম ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। প্রশিক্ষণ ও সরকারি সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে তরুণরা নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। বিশেষ করে রাজস্থলীর মতো পাহাড়ি এলাকায় কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা ও পর্যটন খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার যথেষ্ট সুযোগ রয়েছে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পাহাড়ের যুবসমাজের মধ্যে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। সঠিক দিকনির্দেশনা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা পেলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। যুবকদের বেকারত্ব দূর করতে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদকমুক্ত, শিক্ষিত, দক্ষ ও মানবিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের সঠিক পথে পরিচালিত করা গেলে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুবক-যুবতী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।











