ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) তারিখে রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে একটি স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।
নতুন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাবেক ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।











