ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৪:৫২ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে জাতীয় যুব দিবস পালিত, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান

বান্দরবান প্রতিনিধি।।

 

‘দক্ষ যুব গড়ার দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বান্দরবানে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান কার্যালয়ে যুব মেলার আয়োজন করা হয়েছে। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

 

রোববার (১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের অধিকাংশ যুবক শুধু সরকারি চাকরির পেছনে ছুটছেন। এ মানসিকতা থেকে বেরিয়ে এসে যুবকদের দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগী হতে হবে। সরকারিভাবে দেওয়া প্রশিক্ষণ যেন শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রশিক্ষণ এমনভাবে গ্রহণ করতে হবে, যাতে অর্জিত দক্ষতা বাস্তব কর্মজীবনে কাজে লাগানো যায় এবং নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফরহাদ সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অংজাই উই চাক। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবানের উপপরিচালক মো. এনায়েত করিম উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে অংজাই উই চাক বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে বসে থাকলে চলবে না। প্রশিক্ষণ নেওয়ার পর যুবকদের সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা চাকরি করবেন নাকি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। চাকরির জন্যই যদি সবাই অপেক্ষা করেন, তাহলে আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানো সম্ভব হবে না। তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত