ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

অর্থনীতি

মজুরি বৃদ্ধির দাবিতে

আশুলিয়া-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের সঙ্গে সংঘর্ষ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভার (আশুলিয়া) ও গাজীপুর প্রতিনিধি।। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। অন্যদিকে একই দাবিতে গাজীপুরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা, যার ফলে ওই এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

অন্যদিকে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সেখানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

পোশাক শ্রমিকদের এই চলমান আন্দোলনের মধ্যেই আজ সকালে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেছেন সরকারের শীর্ষ পর্যায় ও গার্মেন্টস মালিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে আরও অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন, অসন্তোষ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপায় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা চলছে।

 

সম্পর্কিত