ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৭:২৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে থানার পাশের দোকান থেকে কিশোরকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই, খোয়া গেল মোবাইল ও নগদ টাকা

 

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ি জেলা সদরে পিস্তল ঠেকিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে। রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর থানার নিচের সড়কে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের পাশে সালাউদ্দিন স্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী কিশোরের নাম আবিদ হোসেন অনিক (১৪)। সে খাগড়াছড়ি সদর উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামের আবুল খায়ের ও কহিনুর বেগমের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে ওই এলাকায় অবস্থানকালে অনিকের কাছে এগিয়ে যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি। একপর্যায়ে তার দিকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয় ওই ব্যক্তি। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এ ঘটনায় কিশোরটি আতঙ্কিত হয়ে পড়ে।

 

ঘটনার পর ভুক্তভোগী খাগড়াছড়ি সদর থানায় প্রাথমিকভাবে অভিযোগ করেছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

 

প্রকাশ্য সড়কে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পর্কিত