কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত, আহত দুই পুলিশ সদস্য
কালীগঞ্জ সংবাদদাতা।। গাজীপুরের কালীগঞ্জে রাতে নিয়মিত টহল দেওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় মিজানুর রহমান (৩০) নামের এক পুলিশের উপপরিদর্শক (এসআই) এবং রফিক মোল্লা (৪৫) নামের স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও দুই পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। অন্য নিহত রফিক মোল্লা স্থানীয় তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত উপপরিদর্শক জাবেদ ওমর (২৮) এবং পুলিশের গাড়িচালক রাব্বিকে (২৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এসআই জাবেদ ওমর বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়মিত টহলে ছিলেন। ভোরের দিকে তারা কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে সড়কের পাশে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় ঘোড়াশালমুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে সাতটায় মারা যান মিজানুর রহমান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে পুলিশ সদস্যরা নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। টহল চলাকালে একটি কাভার্ডভ্যান তাদের গাড়িকে চাপা দিয়ে চলে যায়। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।











