ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ৭:১৪ অপরাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

হাম ও ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি তিন হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক।। দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে ১০ জন এবং হামের উপসর্গে ৪ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দুই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৩৫ জন রোগী।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক পৃথক নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭ জনই ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।

অন্যদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে, যার মধ্যে ১ লাখ ১ হাজার ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য না পাওয়া গেলেও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৬ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯২ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৮১ জনে। এর মধ্যে ল্যাব-নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১,০৭৭ জন মারা গেছেন।

চিকিৎসকেরা বলছেন, একদিকে ডেঙ্গুর প্রকোপ ও অন্যদিকে শিশুদের মধ্যে হামের বিস্তৃতি জনস্বাস্থ্য পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি শিশুদের শতভাগ হামের টিকা নিশ্চিত করার ওপর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত