দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে রাজনগর জোন, সহায়তা পাচ্ছে ৮ বিদ্যালয়
মো. গোলামুর রহমান, লংগদু (রাঙামাটি):
দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন। এরই ধারাবাহিকতায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার আটটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত বেতন প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক সহায়তা দিয়ে আসছে জোন কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি পরিবেশ, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও আর্থিক অনটনের কারণে এসব এলাকায় মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং। এমন পরিস্থিতিতে রাজনগর জোনের নিয়মিত আর্থিক সহায়তা বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম সচল রাখতে ভূমিকা রাখছে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হচ্ছে নতুন আশার সঞ্চার।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং ঝরে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। নিয়মিত বেতন পাওয়ায় শিক্ষকরা পাঠদানে আরও মনোযোগী হতে পারছেন। এতে পাহাড়ি ও বাঙালি শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণেও সহায়ক হচ্ছে জোনের এ উদ্যোগ।
এ বিষয়ে রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন বলেন, “শিক্ষা হলো যে কোনো সমাজ তথা জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। দুর্গম পাহাড়ি অঞ্চলে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি শিশুর হাতে শিক্ষার আলো পৌঁছে দেওয়া আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশুর ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়ে যায় এবং শিক্ষকরা যেন নির্বিঘ্নে তাদের মহৎ সেবা চালিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই রাজনগর জোন এই সহায়তা দিয়ে আসছে। একটি শিক্ষিত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পাহাড়ি সমাজ বিনির্মাণে রাজনগর জোনের এই জনকল্যাণমূলক চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
রাজনগর জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কারবারি, অভিভাবক ও সচেতন মহল। তাঁদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার প্রসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ। নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথকে আরও সুগম করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।











