ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় সেনাবাহিনীর উদ্যোগ

মো. আল আমিন, দীঘিনালা।।

খাগড়াছড়ির দীঘিনালায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দিতে সচেতনতামূলক ক্লাস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দীঘিনালা ডিগ্রি কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দীঘিনালা জোন কমান্ডারের দিকনির্দেশনায় এবং জোনের আরএমওর তত্ত্বাবধানে আয়োজিত এ সচেতনতামূলক ক্লাসের প্রতিপাদ্য ছিল ‘বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও করণীয়’। এতে দীঘিনালা ডিগ্রি কলেজের পাশাপাশি দীঘিনালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়। সব মিলিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

ক্লাসে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং সুস্থ থাকার প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য জানার গুরুত্ব এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। আয়োজকদের মতে, মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, বয়ঃসন্ধিকাল একটি মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে স্বাস্থ্যবিধি, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব। কিশোরীদের স্বাস্থ্য সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম সহায়ক ভূমিকা রাখবে।

দীঘিনালায় স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সম্পর্কিত