বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ
বাঘাইছড়ি প্রতিনিধি।।
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাঘাইহাট জোন সদরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, স্থানীয় যুব ও নারী সমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে মোট ৬২ জন অংশ নেন। এর মধ্যে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীকে সনদপত্র এবং ৩২ জন সেলাই প্রশিক্ষণার্থীকে সনদপত্রের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সহায়তা হিসেবে নগদ অর্থ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি। এ সময় জোনের টু-আই-সি মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি, অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট মো. জোবায়ের আল মাহমুদ, ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, পার্বত্য দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তুলতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবার ও সমাজের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, দুর্গম পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাঘাইহাট সেনা জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশিক্ষণ শেষে সনদপত্র ও আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় যুব ও নারী প্রশিক্ষণার্থীরা। তারা বলেন, দুর্গম এলাকায় এ ধরনের উদ্যোগ তাদের স্বাবলম্বী হওয়ার নতুন সুযোগ তৈরি করবে।











