খেলাধুলায় সম্প্রীতির বার্তা, বরকলে জোন কাপে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ
বরকল প্রতিনিধি।।
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির বরকলে শেষ হয়েছে ‘হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ফাইনালে ভুষণছড়া রাইজিং ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হরিনা আমতলা ফুটবল একাদশ।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ছোট হরিনা জোন খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয় ভুষণছড়া রাইজিং ক্লাব ও হরিনা আমতলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় হরিনা আমতলা একাদশ।
ফাইনাল ম্যাচ ঘিরে ছোট হরিনা জোন খেলার মাঠে উৎসবের আমেজ তৈরি হয়। বিভিন্ন বয়সী দর্শকের পাশাপাশি পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা।
ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ছোট হরিনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স। এ সময় আয়োজক, ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা গোলকিপার নির্বাচিত খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, ছোট হরিনার ইতিহাসে এ টুর্নামেন্ট শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায় পরিণত হয়েছে।











