মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) ‘ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহ-আয়োজক হিসেবে ছিল পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে চাইলে আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। প্লাস্টিকের বিকল্প যেহেতু এখনও পর্যাপ্ত তৈরি হয়নি, সেহেতু এর ব্যবহার সীমিত করতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সকল ধর্মেই পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’—এই বাণীকে ধারণ করে পরিবেশ সুন্দর রাখা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও উল্লেখ করেন, চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সুফল হিসেবেই গতবারের তুলনায় এবার মোংলায় বৃষ্টির পর জলাবদ্ধতা অনেক কম হয়েছে। খাল, ডোবা ও জলাশয়গুলো পরিচ্ছন্ন রাখতে না পারলে জলাবদ্ধতার ভোগান্তি আরও বেড়ে যাবে। তাই সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় স্বাগত বক্তব্যে ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মো. মহিদুল ইসলাম (সিয়াম) প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুর রহমান পরিবেশ সুরক্ষায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত কার্যক্রমের ওপর জোর দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, প্রথম আলো বন্ধুসভার ধীমান মন্ডল এবং ইয়ুথ ফর সুন্দরবন-এর জান্নাতুল সাদিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানে আলম বাবু।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপস্থিত সবাই পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ক শপথ গ্রহণ করেন এবং একটি অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন। এরপর একটি সচেতনতামূলক র্যালী মোংলা শহর প্রদক্ষিণ করে এবং শহরের মেরিন ড্রাইভ রোডে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের তিন শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।











