ঢাকা | নভেম্বর ৩, ২০২৬ - ১:৪১ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক।। গাজীপুরে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে যেকোনো সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবেলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলে আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে প্লাটুনের সংখ্যা বাড়িয়ে ১১ করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জনে উন্নীত করা হয়।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি ও পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য গুরুত্বপূর্ণ জোনগুলোতে সক্রিয় টহল ও অবস্থান নিয়েছেন।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। জেলা পুলিশ ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সকালে শ্রমিকদের একটি বড় অংশ নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করে কাজ শুরু করলেও পরবর্তীতে নাওজোড়সহ নির্দিষ্ট কিছু পয়েন্টে অবরোধের চেষ্টা চালানো হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে যেকোনো ধরনের নাশকতা, ভাঙচুর ও সহিংসতা প্রতিহত করতে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের অবস্থান ও সতর্ক মহড়া দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের যৌথ তৎপরতার কারণে অন্যান্য শিল্প এলাকায় উৎপাদন কার্যক্রম সচল রয়েছে।

সম্পর্কিত