ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ৯:২৫ অপরাহ্ন

শিরোনাম

জাতীয়

গ্রাম পুলিশের বেতন ও অবসরকালীন সুবিধা বাড়ল

বিশেষ প্রতিনিধি।। গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন-ভাতা ও অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়েছে সরকার। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের এক মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এই নতুন সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানদের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ লাখ টাকা করা হয়েছে।
বেতনের পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আর্থিক সুবিধাও বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার টাকার পরিবর্তে ৮০ হাজার টাকা পাবেন। এছাড়া গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এই সুবিধা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ের অপরাধমূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা সংক্রান্ত তথ্য যথাসময়ে স্থানীয় প্রশাসন ও বাহিনীকে জানালে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়।

তিনি উল্লেখ করেন, একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি। দেশের অধিকাংশ মানুষের শিকড় এখনো গ্রামকেন্দ্রিক হওয়ায় স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম পুলিশের দায়িত্ব অনেক।

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে পরিকল্পিতভাবে হীনস্বার্থ ও গোষ্ঠীগত দ্বন্দ্ব উসকে দিয়ে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছিল। এ ধরনের পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। সমাজে সম্প্রীতির সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা ও অপরাধের মাত্রা কমিয়ে আনতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে গ্রাম পুলিশকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত

অন্যান্য শাখাঃ