মহাসমাবেশে আসার পথে দুই গ্রাম পুলিশের মৃত্যু, অনুদান ও চাকরির ঘোষণা প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৭ নভেম্বর) মহাসমাবেশে অংশ নিতে আসার সময় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই গ্রাম পুলিশ সদস্য হলেন—রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
সমাবেশস্থলে আসার পথে তীব্র গরমে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া গরমে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অসুস্থ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়ে জানান, চিকিৎসাধীন সবার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।
পরবর্তীতে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি আশ্বাস দেন, সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং দাফন-কাফনের প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।











