ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৭:৩১ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

মানিকগঞ্জে তিন খুনের মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, আট জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জের সিংগাইরে বিদেশে মারা যাওয়া এক নারীর সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে হত্যার দায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে. এম. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ফ ম নুরতাজ আলম বাহার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. জিয়ার উদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আবদুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, বাহরাইন প্রবাসী হাসিনা নামের এক নিঃসন্তান নারী মারা যাওয়ার পর তাঁর রেখে যাওয়া সম্পত্তি ও অর্থ নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধ দেখা দেয়। হাসিনার বোন রাজিয়া খাতুন, তাঁর স্বামী ও ছেলেরা ওই সম্পত্তি ভোগদখল করতে থাকলে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি। ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি এ নিয়ে সালিশ বৈঠকের কথা থাকলেও ওই দিন সকাল পৌনে ৮টার দিকে রাজিয়া খাতুনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আজিজ মোল্লা, টেঁন্ডুল মোল্লা ও করিম মোল্লার ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে পরবর্তীতে তিনজনই মারা যান।

হত্যাকাণ্ডের পরদিন ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মো. ফরিদা আক্তার।

তদন্ত শেষে ২০১৭ সালের ২৮ এপ্রিল ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন সিংগাইর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

সম্পর্কিত