ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ৯:২৫ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

ডা. শফিকুর রহমান

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশের লাঠিচার্জ উদ্বেগজনক, দেশে কি কোনো সরকার আছে

ডেস্ক রিপোর্ট।। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যায়িত করেন এবং দেশে আদৌ কোনো কার্যকর সরকার ব্যবস্থা আছে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো অত্যন্ত যৌক্তিক দাবিতে ছাত্রীরা আন্দোলন করছিলেন। প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা। কিন্তু তা না করে গভীর রাতে ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করিয়ে লাঠিচার্জ ও বলপ্রয়োগ করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াত আমির তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, ফ্যাসিবাদী কায়দায় সাধারণ মানুষের ওপর এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর এই ধরনের দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে দেওয়া যায় না। তিনি অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে ঘটনার পেছনে দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

সম্পর্কিত