ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

খুলনায় লংমার্চের বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে জামায়াতের ৩০ নেতাকর্মী আহত

ডেস্ক রিপোর্ট।। খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের চাপায় সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুল খালেক মোড়ল (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চারাবটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন।

নিহত আব্দুল খালেক পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোড়লের ছেলে এবং তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের প্রতিবেশীরা জানান, জামায়াতের নেতাকর্মীরা খুলনার কর্মসূচি শেষ করে বাসযোগে সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে চারাবটতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি পথচারী আব্দুল খালেককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে পড়ে। এতে বাসে থাকা জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাতক্ষীরায় ফেরার পথে ওই বৃদ্ধ ব্যক্তি আকস্মিক গাড়িটির সামনে পড়ে যান। চালক তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করার সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত বৃদ্ধ ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, বাসে করে লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত নেতাকর্মীদের বাসচাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসচালকের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হলেও বাসের অন্য যাত্রীরা সামান্য আঘাত পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সম্পর্কিত