ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

বাংলাদেশি সাংবাদিকদের বিনামূল্যে সাংবাদিকতা প্রশিক্ষণ দেবে ভারত সরকার

বাংলাদেশের সাংবাদিকদের জন্য সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ভারত সরকার। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ভারতের হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ভারতীয় হাইকমিশন জানায়, আইটেক (ITEC) স্কিমের আওতায় ‘জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন্স’ বিষয়ে এ সক্ষমতা-বৃদ্ধিমূলক কোর্সের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের জন্য কোর্সটি প্রণয়ন করা হয়েছে।

কর্মশালায় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারসহ সাংবাদিকতার বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণেরও সুযোগ থাকবে।

কোর্সটি সফলভাবে সম্পন্নকারীদের সনদপত্র দেওয়া হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।

হাইকমিশনের পোস্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট খাতে পাঁচ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী সাংবাদিকরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করতে ভারতীয় হাইকমিশনের দেওয়া গুগল ফর্ম ব্যবহার করতে হবে।

সম্পর্কিত