ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১০:২২ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ড্রেজিং চলছে, বছরের শেষেই আসবে গভীরতার জাহাজ: চেয়ারম্যান 

মোংলা প্রতিনিধি।। মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমানে সক্ষমতার জায়গা থেকে বন্দরটি কিছুটা পিছিয়ে রয়েছে। বিশেষ করে এখানে যে গভীরতার জাহাজ আসা প্রয়োজন, তা এখন আসতে পারছে না। এই সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি জানান, মোংলা বন্দরের আউটারবার ও ইনারবারে ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে। এখন সেখানে সংরক্ষণ ড্রেজিংয়ের (Maintenance Dredging) ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের শেষ দিকে অধিক গভীরতার বড় জাহাজ এই বন্দরে সরাসরি আসতে পারবে। এর ফলে বন্দরের কাজের গতিশীলতা ও ব্যস্ততা অনেক বাড়বে। বন্দরটির আধুনিকায়ন ও উন্নয়নের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী চীনের সাথে একটি উন্নয়ন চুক্তিও সম্পাদন করেছেন।

মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য (উন্নয়ন ও প্রকৌশল) শওকত আলী, পরিচালক (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ, পরিচালক (প্রশাসন) লে. কর্নেল আরিফ বিল্লাহ, পরিচালক (ট্রাফিক) কামাল হোসেন এবং উপ-পরিচালক সালাউদ্দিন কবির।

সভায় বাগেরহাট ও মোংলা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত