ঢাকা | অক্টোবর ১৮, ২০২৬ - ১:৫০ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১৪, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক।।  ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরে যাওয়ার পথে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীদের চাপা দিলে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মন্দিরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানান, চিনোরের দিক থেকে আসা অতিরিক্ত বোঝাই ট্রাকটি একটি খাড়া ঢালু পথে নিয়ন্ত্রণ হারায়। নবরাত্রি উপলক্ষে ওই সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা এবং পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও ট্রাকটি গতি থামাতে পারেনি। এটি পুলিশের ব্যারিকেড ভেঙে তীর্থযাত্রীদের ওপর উঠে যায় এবং পরে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হলে প্রথমে ১১-১২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়, যা পরবর্তীতে বেড়ে ১৪ জনে দাঁড়ায়। আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা পরীক্ষা করতে আঞ্চলিক পরিবহন দপ্তরের (আরটিও) একটি দল পাঠানো হয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি কীভাবে ওই সড়কে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

গোয়ালিয়রের জেলা কালেক্টর রুচিকা চৌহান জানিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে নিয়মিত সিটি স্ক্যান ও এক্স-রে করা হচ্ছে।

এদিকে ঘটনার পর দুর্ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উদ্ধারকাজে দেরি এবং পুলিশের গাফিলতির কারণেই হতাহতের সংখ্যা এত বেড়েছে। উদ্ধারকাজ ও চিকিৎসার তদারকি করতে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

সম্পর্কিত