চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটিতে সাংবাদিক নুরুল আলম
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে ১৪ সদস্যের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংসদ সদস্যের মনোনীত সদস্য হিসেবে স্থান পেয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের চন্দনাইশ প্রতিনিধি সাংবাদিক মো. নুরুল আলম।
গত ২০ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। সহসভাপতি মনোনীত হয়েছেন চন্দনাইশ পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আযম খান। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, এমওসিএইচ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি ও ব্র্যাকের প্রতিনিধি।
সাংবাদিক মো. নুরুল আলমকে কমিটির সদস্য মনোনীত করায় চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সচেতন মহল সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাংবাদিক মো. নুরুল আলম বলেন, “গুরুত্বপূর্ণ এই কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে আমাকে মনোনীত করায় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাধারণ মানুষ যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।”











