ঢাকা | অক্টোবর ২৯, ২০২৬ - ২:০১ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

ইয়েমেনে ‘অপারেশন ডন অব ইয়েমেন’: সরকারি বাহিনীর জোরালো হামলায় ২৩৯ হুথি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে চলমান সামরিক অভিযান আরও জোরদার করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও তাদের মিত্ররা।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলির দাবি, গত ২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন ফ্রন্টে ৭৪৯টি জোরালো আঘাত হানা হয়েছে। এই ব্যাপক অভিযানে অন্তত ২৩৯ জন হুথি কমান্ডার ও যোদ্ধা নিহত হয়েছেন এবং বিদ্রোহীদের ১১৭টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারী এই দাবির বিপরীতে পাল্টা অভিযোগ তুলেছেন। তাঁর দাবি অনুযায়ী, একই সময়ের মধ্যে সৌদি নেতৃত্বাধীন জোট তাদের ওপর ১০১টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় রাজধানী সানাসহ বিভিন্ন প্রদেশের বেসামরিক স্থাপনা ও জনবসতিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এতে নারী-শিশুসহ বহু সাধারণ মানুষ হতাহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তবে যুদ্ধরত উভয় পক্ষের দেওয়া এই হতাহত ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্রে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইয়েমেনি সেনা মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সরকারি বাহিনী ও মিত্র জোটের এই যৌথ অভিযান হুথিদের কমান্ড সেন্টার, সরবরাহ রুট এবং অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, যা বিদ্রোহীদের প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে চলে আসা ইয়েমেনের এই দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও সংঘাত দেশটির সাধারণ জনগণের জন্য এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করে রেখেছে।

সম্পর্কিত