ঢাকা | নভেম্বর ৩০, ২০২৬ - ২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজনীতি

জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

শরীয়তপুর প্রতিনিধি।। পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ইব্রাহিম সিপাহী (৩৪) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে ঘটা এ ঘটনায় ছাত্রলীগ কর্মী রাজ্জাক উদ্দিনসহ আরও অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর ও জমাদ্দার মোড় এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ উপস্থিত থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি নেতা-কর্মীদের নিয়ে সরে যান।

সংঘর্ষ চলাকালে এলাকায় প্রায় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁ, একটি মার্কেট, বিএনপির সমাবেশস্থলের কয়েকটি তাঁবু ও প্রায় ২০টি মোটরসাইকেলে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনার জেরে সকাল ৬টা থেকে প্রায় ৯টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী জানান, হাসপাতালে ইব্রাহিম সিপাহীর মরদেহ আনা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত