ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজনীতি

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে কালক্ষেপণ না করে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। এ সময় তিনি বর্তমান সংবিধান সংস্কার কমিটিকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন এবং কোনো কিছুর বিনিময়েই জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে যাবে না বলে স্পষ্ট জানান।

গণভোটের রায় উপেক্ষা করা হলে পুরোনো ফ্যাসিস্টরা আবারও ফিরে আসার পথ খুঁজে পাবে বলে সতর্ক করেন তিনি। তার মতে, গণ-অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের মূল ভিত্তি হতে পারে।

জাতীয় সংলাপ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা জানান, সরকারের সঙ্গে আলোচনায় বসবে ১১ দল এবং সেখানে কেবল জনগণের দাবিগুলোই তুলে ধরা হবে। এছাড়া ভবিষ্যতে সংস্কারের বিষয়ে কোনো লুকোচুরি বা জটিলতা এড়াতে সংসদ ও আদালতের মধ্যকার অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি।

দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, নির্বাচনের পরদিন থেকেই সরকারি দল তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে। গোপালগঞ্জসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশের শিল্প খাত ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এর পেছনে প্রতিবেশী দেশগুলোর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান শফিকুর রহমান।

সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে দাবি করে সার্বভৌমত্ব রক্ষায় দেশের সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণকে এক কাতারে আসার আহ্বান জানান তিনি।

প্রতিবেশী রাষ্ট্রের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, প্রতিবেশীকে তারা বন্ধু হিসেবে দেখতে চান, তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়। আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতের বিভেদ পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত