ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, পরদিন ফেনী নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের মরদেহ
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল চর এলাকায় বিজিবির সহযোগিতায় নদীতে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ।
নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকার মৃত মংমং মারমার ছেলে। তিনি একসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ফেনী নদীর তীরে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন অংথৈইপ্রু মারমা। এরপর আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১০টার দিকে স্থানীয় বিজিবি ক্যাম্পে বিষয়টি জানানো হলে বিজিবি সদস্যরা স্থানীয়দের নিয়ে রাতভর সীমান্তবর্তী ফেনী নদী এলাকায় তল্লাশি চালান। তবে ওই রাতে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিহতের ছেলে ও রামগড় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকেতনের শিক্ষক থৈঅংগ মারমা জানান, শনিবার সকালে পুনরায় বিজিবির সহযোগিতায় নদীতে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে সকাল ৮টার দিকে নদীর পানির নিচ থেকে তাঁর বাবার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, পিএসসি জানান, এ বিষয়ে সীমান্ত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিজিবি।
তবে অংথৈইপ্রু মারমার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।











