ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দেনমোহর ও ভরণপোষণ মামলায় এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দ আটক

নিজস্ব প্রতিবেদক।।

 

পারিবারিক বিরোধ এবং দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর কিছুদিন পর তার স্ত্রী শাহীনা আক্তারের দায়ের করা দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি সামনে আসে।

 

মামলার বাদী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকে মিজানুর রহমান আখন্দ তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।

 

শাহীনা আক্তার বলেন, বিয়ের পর দীর্ঘদিন ধরে তার স্বামী কোনো খোঁজখবর রাখছেন না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি ভরণপোষণও দিচ্ছেন না। এ অবস্থায় নিজের আইনগত অধিকার ও ন্যায়বিচার পেতে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

 

এ ছাড়া তার স্বামীর বিরুদ্ধে অন্যত্র একাধিক বিয়ে এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত থাকার অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে মিজানুর রহমান আখন্দের বক্তব্য পাওয়া যায়নি।

 

আটকের বিষয়টি সাতকানিয়া ও বান্দরবান থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত