ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামে বৈষম্য দূর ও নিরাপত্তা নিশ্চিতের দাবি পিসিএনপির

নিজস্ব প্রতিবেদক।।

 

পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, স্থায়ী শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে ২০ দফা দাবি ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

 

শনিবার (১৪ নভেম্বর) রাঙামাটির কাঁঠালতলী মৃধা ভবনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি ও সুপারিশসংবলিত প্রচারপত্র প্রকাশ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

 

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় সমতলের মতো অভিন্ন নীতি চালু, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল, ভূমি জরিপের মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ভূমি কমিশনে বাঙালি প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি কার্বারী, হেডম্যান ও সার্কেল চিফ প্রথা বাতিল করে সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্ব জেলা প্রশাসনের হাতে ন্যস্ত করার প্রস্তাব করা হয়।

 

দাবিগুলোর মধ্যে রয়েছে তিন পার্বত্য জেলায় শিল্প-কারখানা স্থাপন, হিমাগার নির্মাণ, পর্যটন শিল্পের সম্প্রসারণ, তামাক চাষ নিরুৎসাহিত করে ফল ও মসলাজাতীয় কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এ ছাড়া ২৬টি উপজেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, প্রত্যন্ত এলাকায় হাসপাতাল, সুপেয় পানির ব্যবস্থা এবং কর্মজীবী নারীদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে পিসিএনপি সীমান্ত সড়ক নির্মাণ, বিজিবির বিওপি বৃদ্ধি, প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং যৌথ অভিযান জোরদারের সুপারিশ করেছে। একই সঙ্গে পার্বত্য চুক্তি বাতিল, জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদে পাহাড়ি-বাঙালির অংশগ্রহণ নিশ্চিত, সংসদীয় আসন তিনটি থেকে ছয়টিতে উন্নীত এবং শিক্ষা, চাকরি ও ব্যবসায় উপজাতীয় কোটার পরিবর্তে পার্বত্য কোটা চালুর প্রস্তাব তুলে ধরা হয়।

 

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের নদীগুলোতে খনন ও নদীশাসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রেলপথ সম্প্রসারণ, বিমানবন্দর স্থাপন এবং সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা, ন্যায়বিচার এবং উন্নয়ন কার্যক্রম জোরদার করা গেলে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব হবে।

সম্পর্কিত