ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ২:৩৭ অপরাহ্ন

শিরোনাম

অর্থনীতি

শ্রমিক অসন্তোষ: ৫২৯ পোশাক কারখানা বন্ধ, কর্মহীন প্রায় ১০ লাখ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক।। দেশজুড়ে পোশাক শ্রমিকদের অব্যাহত অসন্তোষের মুখে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের অন্তত ৫২৯টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ঘোষণা করে সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান এই আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়। এর ফলে প্রায় ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক কাজ না করেই কারখানা থেকে বেরিয়ে গেছেন।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শ্রমিক অসন্তোষের সবচেয়ে বড় প্রভাব পড়েছে গাজীপুর ও ময়মনসিংহ এলাকায়। এই দুই অঞ্চলের সর্বোচ্চ ২৭৬টি কারখানার প্রায় সাড়ে ৬ লাখ শ্রমিক কাজ বন্ধ করে কর্মস্থল ত্যাগ করেছেন।

একইভাবে সাভার, আশুলিয়া ও জিরানী এলাকার ১৮৫টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রাখায় সেখানে উৎপাদন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। কারখানাগুলোতে উত্তেজনা তৈরি হলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন মিরপুর এলাকার ৩২০টি কারখানার মধ্যে ৬৮টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দেন। ক্ষুব্ধ শ্রমিকরা দলবদ্ধ হয়ে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করায় ওই এলাকার সার্বিক যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটে।

একের পর এক কারখানা বন্ধের এই সিদ্ধান্তের কারণে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পের সামগ্রিক উৎপাদন ও বৈশ্বিক সরবরাহব্যবস্থা নিয়ে নতুন করে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। তৈরি পোশাক খাতের এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে সামগ্রিক অর্থনীতিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত