ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ২:৫০ অপরাহ্ন

শিরোনাম

রাজধানী

মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের জেরে মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। জবাবে শ্রমিকরাও ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এদিকে যান চলাচল স্বাভাবিক করতে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪ এলাকায় কাজ করছে ট্রাফিক পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পোশাকশ্রমিকদের জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন হওয়ার বার্তা তাদের দেওয়া হয়েছে এবং সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে সড়ক আটকে এই জনদুর্ভোগ সৃষ্টির পেছনে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো গোষ্ঠীর অরাজকতা তৈরির ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সম্পর্কিত