তাহসিফ হত্যা মামলা: তরুণী দিশা চার দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক।। বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তরুণী জেরিকা তাসনিম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করে টঙ্গী নৌ-পুলিশের একটি দল। ঘটনার দিন সন্ধ্যায় উত্তরার একটি বারে নিহত তাহসিফের সঙ্গে তাকে অবস্থান করতে দেখা গিয়েছিল।
মামলার তদন্তের ধারাবাহিকতায় এটি দ্বিতীয় রিমান্ডের আদেশ। এর আগে গত ৩০ অক্টোবর রাতে গ্রেপ্তার হওয়া তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকেও ৩১ অক্টোবর আদালত চার দিনের রিমান্ডে পাঠায়।
গত ২৭ অক্টোবর উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত সাবেক বিমানবাহিনী কর্মকর্তার বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা বর্তমানে নৌ-পুলিশ তদন্ত করছে।











