ঢাকা | অক্টোবর ১৯, ২০২৬ - ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।  রাজনীতিতে বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা জুলাই বিপ্লবের শহীদদের সঙ্গে চরম প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বিরোধীদলকে ধ্বংসাত্মক পথ পরিহার করে গঠনমূলক সমালোচনা করার তাগিদ দিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীতে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য একই ছিল। এই দুই ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়েই এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।

অনুষ্ঠানে বিরোধীদলের ভূমিকার তীব্র সমালোচনা করে সরকারপ্রধান বলেন, বর্তমান বিরোধীদল কেবল বিরোধিতা করার খাতিরেই সরকারের বিরোধিতা করে যাচ্ছে। তারা জুলাইয়ের চেতনাকে অন্তরে ধারণ করে না বলেই আজ জুলাই স্মৃতিস্তম্ভের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। তারা আবারও তাদের আগের নেতিবাচক ধারায় ফিরে গেছে।

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না-ও থাকতে পারে, তবে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও জাতীয় স্বার্থের প্রশ্নে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং জনগণ আগামী পাঁচ বছর দেশ পরিচালনার জন্য জাতীয়তাবাদী দলকে বেছে নিয়েছে।

একই অনুষ্ঠানে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এডিস মশা সরকারি দল বা বিরোধীদল চেনে না, তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে সবাইকে একযোগে অংশ নিতে হবে। একই সঙ্গে তিনি দেশের হাসপাতালগুলোতে সার্বক্ষণিক পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য চিকিৎসকদের কঠোর নির্দেশ দেন।

সম্পর্কিত